
নিউজ ডেস্কঃ আগামী বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ের এক কোটি ৩০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ।
আজ রাজধানীর ব্র্যাক সেন্টারে 'দুর্গম এলাকায় প্রাথমিক শিক্ষার প্রতিবন্ধকতা' বিষয়ক নীতিনির্ধারণী এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন ।
হাওর অঞ্চলের প্রাথমিক শিক্ষার হালচাল নিয়ে ব্র্যাকের পরিচালিত এক গবেষণা প্রতিবেদন উপস্থাপন উপলক্ষে এ সংলাপের আয়োজন করা হয় ।
সংলাপে বলা হয়, প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীদের ঝরে পড়ার হার হ্রাস ও ভর্তির হার বাড়লেও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন করতে হলে এর গুণগত মান ও বাজেট বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে ।
মন্ত্রী বলেন, সীমিত বাজেটের কথাও চিন্তা করতে হবে। যেটুকু সম্পদ আছে তা দিয়ে চলতে চাই। শ্রেণিকক্ষে শিক্ষকেরা মনোযোগী না হওয়ায় সব শিক্ষার্থী একই মানের হয় না তাই শিক্ষকদের মনোযোগী হয়ে পাঠদানের আহ্বান জানান মন্ত্রী ।
ব্র্যাকের শিক্ষা কর্মসূচির পরিচালক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল, জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্য কাজী ফারুক আহমেদ, ব্র্যাক অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ অ্যান্ড আইসিটি'র ডিরেক্টর কে এ এম মোর্শেদ, সিনিয়র ডিরেক্টর (স্ট্র্যাটেজি, কমিউনিকেশন অ্যান্ড এমপাওয়ারমেন্ট) আসিফ সালেহ প্রমুখ। গবেষণাপত্র উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন ।