
নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসারুলাহ বাংলা টিমের (এবিটি)’ বিভাগীয় দাওয়াতি প্রধানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সিলেট নগরের আম্বরখানা এলাকা থেকে মেহেদী হাসান অমি ওরফে রাফি ওরফে ওসামা ওরফে হাসান ওরফে আব্দুলাহ নামের ওই জঙ্গিকে আজ ভোররাতে গ্রেফতার করেন ঢাকা মহানগরের কাউন্টার ট্যাররিজম বিভাগের সদস্যরা। মেহিদী হাসান মহানগরের পূর্বদরগা গেইট এলাকায় বসবাস করতেন ।
আজ বিকেলে ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার হাসান আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের রমনা জোনাল টিম ও কাউন্টার টেরোরিজম (সিটি) দলের সমন্বয়ে এবিটি-এর এই নেতাকে গ্রেফতার করা হয় ।
হাসান আরাফাত আরও বলেন, গত ১৯শে ফেব্রুয়ারি গোপন সংবাদে রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় আনসারুলাহর একটি প্রশিক্ষণ কেন্দ্রে অভিযানকালে তাদের সঙ্গে গুলি বিনিময় ও সংঘর্ষে ডিবির এক সদস্য গুরুতর আহত হয়। ওই সময় দুজন এবিটি সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই দুই জঙ্গির দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে ।