
নিউজ ডেস্কঃ একই রশিতে ঝুলন্ত মা-ছেলের মৃতদেহ উদ্ধার । মাটিরাঙ্গা উপজেলার রমিজ কেরানী পাড়ায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় হোসনে আরা বেগম (২৫) ও তার শিশুপুত্র জাহেদুল ইসলামের (১) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আজ দুপুরের দিকে হঠাৎ করে ঘরের ভিতর থেকে চিৎকারের শব্দ শুনে বাড়ির লোকজন ছুটে আসেন। এ সময় দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের খবর দিলে তারা এসে দরজা ভেঙে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলেকে দেখতে পান।
পরে পুলিশ খবর পেয়ে তাদের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী মো. ইয়াছিন, শ্বশুর ও দেবর পলাতক রয়েছেন।
স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জের ধরে ছেলেকে নিয়ে মা আত্মহত্যা করেছেন। গত ৬ বছর আগে ইয়াছিনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় হোসনে আরার।বহু দিন ধরে তাদের মধ্যে কলহ চলে আসছিল। কলহের কারণে প্রায়ই হোসনে আরাকে নির্যাতন করতেন তার স্বামী। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. সাহাদাত হেসেন টিটো জানান, আত্মহত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। হোসনে আরার মা ছানোয়ারা বেগম বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে মাটিরাঙ্গা থানায় মামলা করেছেন বলে জানা গেছে।