News71.com
 Bangladesh
 20 Apr 16, 11:25 AM
 597           
 0
 20 Apr 16, 11:25 AM

রাজধানীতে প্রতিনিয়ত বাড়ছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা ।।

রাজধানীতে প্রতিনিয়ত বাড়ছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা ।।

নিউজ ডেস্কঃ রাজধানীতে লাগামহীনভাবে বাড়ছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। অন্যদিকে গণপরিবহন স্বল্পতায় দুর্বিষহ হয়ে উঠেছে নাগরিক জীবন। এমন অবস্থায় ব্যক্তিগত গাড়ির নিবন্ধন কঠোর করার কথা উঠলেও বিআরটিএ বলছে, সরকারি নির্দেশনা ছাড়া এ ধরনের কোন পদক্ষেপ নেবেন না তারা । তবে পরিস্থিতি সামলাতে এ বিষয়ে দ্রুত আইন প্রণয়নের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত গাড়ির চলাচলেও নিয়ন্ত্রণ আরোপের পরামর্শ বিশেষজ্ঞদের ।

অফিসের শুরুতে কিংবা শেষে রাজধানীতে বাসে ওঠার এই যুদ্ধটা যেন নিত্যদিনের। রাস্তায় শত শত যাত্রী নিদারুণ বিরক্তি নিয়ে অপেক্ষায়। কিন্তু গণপরিবহনের খুব একটা দেখা নেই। এর বদলে রাস্তার প্রায় পুরোটা জুড়েই ব্যক্তিগত গাড়ির দাপট ।

অর্থাৎ ঢাকার যে সংকীর্ণ রাস্তা, তার প্রায় সিংহভাগই থাকে ব্যক্তিগত গাড়ির দখলে। পরিস্থিতি সামলাতে ব্যক্তিগত গাড়ির নিবন্ধন কঠোর করার পরামর্শ আসলেও বিআরটিএ বলছে, সরকারি নির্দেশনা না পেলে তারা এ ধরণের কোন পদক্ষেপ নিতে পারেন না।

বিআরটিএ পরিচালক (প্রকৌশল) মো. নুরুল ইসলাম বলেন, ব্যক্তিগত গাড়ির রেজিস্ট্রেশনের নিয়ন্ত্রণের ব্যাপারে বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে। যদি সরকার কর্তৃক কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে আমরা সেটা কার্যকর করব। কিন্তু এখনো এ ধরণের কোন আদেশ জারি হয়নি ।

তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু ব্যক্তিগত গাড়ির নিবন্ধন নয়, বরং গাড়ির ব্যবহার কমানোরও উদ্যোগ নিতে হবে সরকারকে।

পরিবহন বিশেষজ্ঞ সামছুল হক বলেন, গাড়ির ব্যবহার যদি কমাতে হলে পার্কিংয়ের সুবিধা কম দিতে হবে। সরকারকে একদিকে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমাতে হবে পাশাপাশি বাকি গাড়িগুলোর ব্যবহার নিয়ন্ত্রণে আনতে হবে । তবে বিকল্প হিসেবে গণপরিবহন ব্যবস্থা শক্তিশালী না করলে ব্যক্তিগত গাড়ি কমানোর পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হবে । এক্ষেত্রে বিআরটি ও মেট্রোরেলের মতো প্রকল্পগুলো দ্রুত এগিয়ে নেওয়ার জন্য পরামর্শ দেন তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন