
নিউজ ডেস্কঃ গাজীপুরের শ্রীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক সদস্য পদ প্রার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার মারতার দক্ষিণ সীমান্তে বনকড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আক্তার হোসেন (৫২) শ্রীপুরের প্রহ্লাদপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদের প্রার্থী ছিলেন। আগামী ২৩ এপ্রিল সেখানে ভোট হওয়ার কথা।
শ্রীপুর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর সদর উপজেলার আমুনা বনকড়া এলাকায় ব্যবসায়ী খন্দকার মো. হাফিজ উদ্দিনের মায়ের জানাজা থেকে বাসায় ফিরছিলেন আক্তার।“পথে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।”
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, বৈদ্যুতিক খুঁটি বসানো নিয়ে এলাকার কিছু লোকের সঙ্গে আক্তারের বিরোধ ছিল। এর জেরে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।
প্রহ্লাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ আকন্দ বলেন, “এলাকার আধিপত্য নিয়ে দ্বন্দ্বে দুই-তিন বছর আগে স্থানীয় হযরত আলী, আনসার আলীদের উপর হামলা চালিয়ে হাত-পা ভেঙে দিয়েছিলেন আক্তার। এ ঘটনায় কারাভোগ শেষে কিছুদিন আগে জামিন পান তিনি।”
ওই বিরোধের জেরেও তাকে হত্যা করা হতে পারে বলে সাইদ আকন্দের সন্দেহ। তিনি আরও বলেন, “আক্তারের বিরুদ্ধে এলাকায় মারামারি, ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার এক ছেলে ছিনতাই ও অপহরণ মামলায় এখন কারাগারে আছে।”