
নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি হারুন ইজাহারকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমাণ্ড চেয়েছে নগর গোয়েন্দা পুলিশ। আজ চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রাকিবুল ইসলাম চট্টগ্রাম মহানগর হাকিম আব্দুল কাদেরের আদালতে তার রিমাণ্ডের আবেদন জমা দেন। আদালত বৃহস্পতিবার শুনানির সময় নির্ধারণ করে হারুনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান গণমাধ্যমকে বলেন, ২০১২ সালের মে মাসে কোতয়ালি থানায় বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলায় হারুন ইজাহারের ১০ দিনের রিমাণ্ড চেয়েছে মামলার তদন্তকারী সংস্থা নগর গোয়েন্দা পুলিশ।
হারুন ইজাহার হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির কারাবন্দি মুফতি ইজাহারুল ইসলামের ছেলে। গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানা পুলিশ জামিনে মুক্তির পর তাকে কারাফটক থেকে গ্রেফতার করে।
জানাগেছে গত ২০১৩ সালের ৭ অক্টোবর নগরীর লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে পাঁচ জন আহত হন। তাদের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এসময় পুলিশ ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে চারটি তাজা গ্রেনেড এবং ১৮ বোতেল এসিড উদ্ধার করেছিল।