
নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জে পৃথক তিনটি অভিযানে ১৩২০ বোতল ফেনসিডিল, একটি কাভার্ডভ্যান ও এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অভিযানে এসব ফেনসিডিল জব্দ করা হয়।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুর রশিদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিৎপুর ইউনিয়নের সোনামসজিদ মহাসড়কে কেয়া ফিলিং স্টেশনের সামনে সকাল সাড়ে আটটায় একটি কাভার্ড ভ্যান ( ঢাকা মেট্রো ম ৪৪-৩০০৩) আটক করে তল্লাশি চালিয়ে ১০৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে এসময় কাভার্ড ভ্যান চালক ও সহকারী পালিয়ে যায়।
অপরদিকে, বেলা পৌনে এগারটায় সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা রেল বাজার এলাকায় লাল মোহম্মদ (২২) নামে এক ব্যক্তিকে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করে গোয়েন্দা পুলিশ।
আটক লাল মোহম্মদ জেলার শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুরের আব্দুল হান্নানের ছেলে। এসব ঘটনার ব্যাপারে দুপুরে সদর ও শিবগঞ্জ থানায় পৃথক দু’টি মামলা করা হয়েছে বলেও জানান গোয়েন্দা কর্মকর্তা।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ৯-বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা ১৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ব্যাটালিয়নের অপারেশন অফিসার গোলাম মোহাম্মদ সারওয়ার বিকেলে জানান, হাবিলদার তোতা মিয়ার নেতৃত্বে ব্যাটালিয়নের তেলকুপি বিওপির একটি টহল দল রাত দেড়টায় সীমান্ত মেইন পিলার ১৮০/৭-এস থেকে আনুমানিক ৫শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি মাঠ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ফেনসিডিলের দাম ৬৮ হাজার টাকা। ফেনসিডিলগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে বলেও জানান গোয়েন্দা কর্মকর্তা।