
নিউজ ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নরসিংদী জেলা ছাত্র কল্যাণের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।
আজ বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভার্স্কয ও প্রশাসনিক ভবনের সামনে দফায় দফায় এই সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই জনকে পুলিশের কাছে সোপর্দও করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদী জেলা ছাত্রকল্যাণ কমিটির নিজের পছন্দের প্রার্থী বহাল রাখতে ছাত্রলীগের উপ-গ্রুপ জহির রায়হান আগুনের কর্মী রাকিব, ওমর, রিয়াজ, মাহমুদ, রিফাত, হৃদয় এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের কর্মী জুয়েল, মোহাম্মদ আলী, সম্রাট, হিমেলের ওপর হামলা করে। এসময় উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় সিরাজ গ্রুপের পাঁচজন কর্মী আহত হয়েছেন। আহতদের পুরান ঢাকার স্থানীয় সুমনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, এই ঘটনায় জড়িতদের প্রথমে একটা সমধান দেওয়া হয়েছিল। তারা বিষয়টি অমান্য করে আবার সংঘর্ষ বাধিয়েছে। তবে আমরা হামলাকারী দুইজনকে পুলিশে সোপর্দ করেছি।