
নিউজ ডেস্কঃ দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে বিএনপি হতাশ হয়ে পড়েছে। তাঁরা প্রকাশ্য রাজনীতি করতে ব্যর্থ হয়ে রাজনীতির অন্ধকার গলিপথে হাঁটছে।
আজ দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে জয়ের হত্যার ষড়যন্ত্র, শফিক রেহমানকে গ্রেপ্তার নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় বিএনপি গোপনে আওয়ামিলীগের ভবিষ্যৎ উত্তরসূরি সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন তিনি ।
ওবায়দুল কাদের বলেন, জয় আমাদের ভবিষ্যৎ নেতা। আওয়ামিলীগের ভবিষ্যৎ কর্ণধার। যুক্তরাষ্ট্রে তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল বলে শফিক রেহমানের বাসা থেকে উদ্ধার হওয়া নথিপত্রের মাধ্যমে প্রমাণিত হয়েছে। বিএনপি শফিক রেহমানের পক্ষাবলম্বন করে তাঁরা যে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, তার প্রমাণ দিয়েছে ।
গত ১৬ই এপ্রিল রাজধানীর ইস্কাটনে নিজ বাসা থেকে ৮১ বছর বয়সী সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সেদিনই তাঁকে ৫ দিনের রিমান্ডে নেয় সংস্থাটি। সর্বশেষ গতকাল তাকে নিয়েই বাসায় তল্লাশি চালায় এবং গুরুত্বপূর্ণ নথি জব্দের দাবি করে ডিবি। রিমান্ডে শফিক রেহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যাচেষ্টার কথা স্বীকার করেছেন বলে জানান ঢাকা মেট্রোপলিন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম ।