
নিউজ ডেস্কঃ ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনার এলিসন ব্লেইক বলেছেন, বৃটেন ও বাংলাদেশ দু’টি কমনওয়েলথ রাষ্ট্র হিসাবে কিছু মৌলিক মূল্যবোধের অংশীদার। উদাহরণ হিসাবে তিনি সংসদীয় গণতন্ত্র, সহিষ্ণুতা এবং মানবাধিকারের সুরক্ষা ও সমুন্নত রাখার প্রতিশ্রুতিতে আবদ্ধ বহুত্ববাদের কথা উল্লেখ করেন।
রাণী দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মদিন উদযাপনে আয়োজিত কূটনৈতিক পার্টিতে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিরোধী রাজনীতিক, দেশী-বিদেশী কূটনীতিক, মিডিয়া প্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিরা সন্ধ্যার ওই পার্টিতে অংশ নেন। হাই কমিশনারের বাসভবনের জনাকীর্ণ ওই অনুষ্ঠানকে রাণীর শাসনকালে গড়ে ওঠা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সুদৃঢ় সম্পর্কের বহি:প্রকাশ বলে উল্লেখ করেন ব্রিটিশ দূত।
তিনি বঙ্গবন্ধুর ১৯৭২ সালের লন্ডন সফর এবং স্বাধীনতার পরপরই বাংলাদেশকে বৃটেনের স্বীকৃতি দেওয়ার কথা স্মরণ করেন। বাংলাদেশের সব নাগরিকের সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে সহযোগিতা দেয়া বৃটেনের অন্যতম লক্ষ্য বলে জানান। বৃটেনে প্রায় ৫ লাখ বাংলাদেশী বংশো™ভূত কমিউনিটির অবদানের কথা স্মরণ করে ব্রিটিশ দূত দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য এবং তার দেশের দেওয়া সহায়তার কথা উল্লেখ করেন। আগামী দিনে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।