News71.com
 Bangladesh
 21 Apr 16, 12:00 PM
 649           
 0
 21 Apr 16, 12:00 PM

চুয়েটে দেশের সর্ববৃহৎ ‘মাল্টি পারপাস টিল্টিং ফ্লুম’ উদ্বোধন ।।

চুয়েটে দেশের সর্ববৃহৎ ‘মাল্টি পারপাস টিল্টিং ফ্লুম’ উদ্বোধন ।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর পুরকৌশল বিভাগের অধীনে বাংলাদেশের সর্ববৃহৎ ‘মাল্টি পারপাস টিল্টিং ফ্লুম’ উদ্বোধন করা হয়েছে। আজ সকালে ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন ।


অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ ‘মাল্টি পারপাস টিল্টিং ফ্লুম’ কেবল চুয়েটে নয়, পুরো বাংলাদেশের উচ্চ শিক্ষা-গবেষণায় অত্যন্ত উপকৃত হবে। পানি সম্পদ ও নদী গবেষণার জন্য এটি একটি নতুন মাইলফলক হিসেবে থাকবে। আমি এই প্রকল্প স্থাপনে এগিয়ে আসার জন্য নেদারল্যান্ডস সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ।


নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি এবং বিশিষ্ট পানি বিশেষজ্ঞ ক্যারেল ডে গ্রোট বলেন, পানি সম্পদ গবেষণায় নেদারল্যান্ডস দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে কাজ করছে। উভয় দেশের যৌথ উদ্যোগে বিভিন্ন প্রকল্প এগিয়ে চলছে। চুয়েটেও একই রকম একটি প্রকল্প বাস্তবায়ন করতে পেরে আমরা আনন্দিত ।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- চুয়েটের পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূইয়া, ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আমিরুল হোসেন প্রমুখ ।


উল্লেখ্য, ফ্লুমটি নেদারল্যান্ডসের NICHE/BGD/081 Project এর আওতায় এবং Nuffic, The Netharlands এর ফান্ডে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ওয়ার্কশপে প্রায় ১.৬ কোটি টাকা ব্যয়ে স্থাপিত হলো। যার মাধ্যমে শিক্ষার্থীসহ গবেষকরা বিভিন্ন ধরনের গবেষণামূলক কাজ (যেমন- সমুদ্রের ঢেউয়ের গতিপ্রকৃতি, পানি প্রবাহের বৈশিষ্ট্য, নদীর পলি জমার হার ইত্যাদি) করতে পারবেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন