
নিউজ ডেস্কঃ লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় একটি মন্দিরের চারটি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল দিবাগত ভোর রাতে উপজেলার কালিরস্থান গ্রামের দক্ষিন কোটতলীর মাছুয়াপাড়ায় এসব প্রতিমা ভাংচুর করা হয় ।
এ ব্যাপারে কালীমন্দির কমিটির সভাপতি বিশ্বজিত কুমার বলেন, গতকাল রাতে কালীমন্দিরের পূজারিরা পূজা অর্চনা শেষ করে দরজায় তালা বন্ধ করে রাখে। এরপর তারা যে যার মত বাড়িতে চলে যান। পরে আজ দুপুরের দিকে ওই মন্দিরের দরজা খুলার সময় প্রতিমাগুলো ভাংচুর করা অবস্থায় দেখতে পায়। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন তারা। ধারণা করা হচ্ছে রাতের আঁধারে সবার অজান্তে মন্দিরের ছোট-বড় চারটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে ।
দুর্বৃত্তরা বাঁশ বা লাঠি জানালার ফাকা জায়গা দিয়ে ঢুকিয়ে প্রতিমাগুলো ভেঙে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্ততি চলছে বলে জানান মন্দির কমিটির সভাপতি ।
এদিকে পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজার রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে তবে আরো ভালো করে তদন্ত করা হবে। পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে ।