
নিউজ ডেস্কঃ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাকে স্বাগত জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি আওয়ামিলীগ নেতাকর্মীরা যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বাড়াবাড়ি না করে এমন নির্দেশনা দিয়ে ইসির পক্ষ থেকে দলটির প্রতি অনুরোধ জানানো হয়েছে ।
শেরে বাংলা নগরে নিজ কার্যালয়ে আজ দুপুরে ইসির সঙ্গে আওয়ামিলীগের একটি প্রতিনিধি দল বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ ।
শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, আওয়ামিলীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে আমরা কথা বলেছি। দলটির সভানেত্রী প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, আশ্বস্ত করেছেন-তারা সুন্দর নির্বাচন চান। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন-যেন সুন্দর নির্বাচন হয়। এ নির্দেশনাকে আমরা স্বাগত জানাই ।
এর আগে আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠক করে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী ভোটে কোনো অনিয়ম বিশৃঙ্খলা দেখতে চান না ।
শাহনেওয়াজ বলেন, আমরাও বলেছি-তাদের যে নেতাকর্মী রয়েছে তারা যেনো বাড়াবাড়ি না করে । সন্ত্রাসী কর্মকাণ্ডে না জড়িয়ে পড়ে। যে কোনো বিশৃঙ্খলায় মাঠকর্মীদের বিরুদ্ধে যেন দলীয়ভাবেও ব্যবস্থা নেয় । কোনো সন্ত্রাসী ও বেআইনী কর্মকাণ্ডে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। দল-মত নির্বিশেষে আমরা বলতে চাই- সন্ত্রাসী যে দলেরই হোক তাকে ছাড় দেওয়া হবে না। অনিয়মকারী প্রশ্রয় পাবে না। আইন-শৃঙ্খলা বাহিনী ও ভোটগ্রহণ কর্মকর্তারাও অনিয়ম করলে ব্যবস্থা নেওয়া হবে ।