News71.com
 Bangladesh
 21 Apr 16, 06:48 AM
 550           
 0
 21 Apr 16, 06:48 AM

কোন দলের নয়, আমি ১৬ কোটি মানুষের রাষ্ট্রপতি ।।

কোন দলের নয়, আমি ১৬ কোটি মানুষের রাষ্ট্রপতি ।।

 নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, আমি কোন দলের রাষ্ট্রপতি নই, আমি ১৬ কোটি মানুষের রাষ্ট্রপতি। আমাকে ভোট দিতে দিতে এলাকার লোকজন বৃদ্ধ হয়ে গেছে আর আমিও ভোট নিতে নিতে বৃদ্ধ হয়ে গেছি। তাই এলাকার জন্য কিছু করে যেতে হবে। ইচ্ছা হয় যে দুই-তিনদিন থাকবো। দুই-তিনদিন থাকলে হইতবা আমার কোন সমস্যা না হলেও এই যে এক দেড় হাজার লোক যারা আসবে তাদের থাকা-খাওয়ার অনেক সমস্যা ।

আর মিঠামইন এমন একটা যায়গা, যে যায়গায় এত মানুষের থাকা-খাওয়ার কোন ধরনের ব্যবস্থা নাই, অমানুষিক একটা কষ্ট করতে হয়। এ জন্য থাকার ইচ্ছা অনেক ক্ষুদ্র হলেও এখানে থাকতে পারি না। যাই হোক আপনাদের সাথে আগে যে ভাবে খোলা মেলা দেখা করতে পারতাম, কিন্তু রাষ্ট্রপতি হওয়ার পরে আাগের মত দেখা করা, পাশে বশে আলোচনা আর করতে পারি না। কিন্তু এই দায়িত্ব না নিয়ে আমার আর উপায় নাই। তাই আমাকে এখন নিয়মের ভিতরে চলতে হচ্ছে। তিনি আজ  কিশোরগঞ্জ জেলার নিজ জন্মস্থান মিটামইন হাওরের তিন উপজেলা ইটনা-মিঠামইন-অষ্টগ্রামকে সংযুক্ত করে অলওয়েদার সড়ক ও ১০টি সেতু নির্মাণ কাজের ভিত্তিফলক উদ্বোধন শেষে মিঠামইন ক্লাব মাঠে জনসভায় রাষ্ট্রপতি একথা বলেন ।

তিনি আরও বলেন, এই হাওরের অবস্থা তো আপনারা জানেন। এখানে যারা মুরুব্বি আছেন, তারা বেশি যানেন এই হাওরের কি চিত্র ছিলো। আসলে আমরা সারা বাংলাদেশের মধ্যে এই হাওরের দৃশ্য সকল দিক থেকে অবহেলিত, অনুন্নত এবং মানুষ এখানে মানুষ হিসেবে বসবাস করার মত অবস্থা ছিলো না। কিন্তু এখন কিছু কিছু রাস্তা হয়েছে।

তিনি আরও বলেন, আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন হাওরের মধ্যে দুইটা বা তিনটার বেশি ছিলো না । আর আমি  ম্যাট্টিক পরীক্ষায় পাশ করার পরে আমার ত্রিশ মাইল দূরে গিয়ে ভর্তি হতে হইছে। এর মধ্যে কোন ভালো হাই স্কুল ছিলো না। আর একটি কথা এই হাওরের মানুষ আগে কিশোরগঞ্জ কোর্টে হাজিরা দিতে গেলে একদিন আগে যেতে হইছে এবং পরদিন হাজিরা দিয়ে থাকতে হয়েছে আর এরপরদিন আসতে হইছে। কিন্তু এখন আর তা সময় লাগে না। মাত্র ২ ঘন্টায় মিঠামইন থেকে কিশোরগঞ্জে যাওয়া যায়। এ ভাবেই আস্তে আস্তে হাওরের উন্নয়ন হচ্ছে।

এ সময় দেশের সামগ্রিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, এলাকার চলমান উন্নয়ন কাজগুলো বাস্তবায়িত হলে ভবিষ্যত প্রজন্ম উন্নতি ও প্রগতির দিকে এগিয়ে যাবে।

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভা অন্যান্যের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মো. আবদুস সাহিদ ভূইয়া। এ সময় আরও বক্তব্য রাখেন, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক ।

এ সময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব এম.এ.এন সিদ্দিক, সড়ক যোগাযোগ বিভাগের প্রধান প্রকৌশলি ইবনে আলম হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলি মো. শাহাবুদ্দিন খান, প্রকল্প পরিচালক মো. মনিরুল ইসলাম, কিশোরগঞ্জ এর জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজ হায়দার ভূইয়া, মুক্তিযোদ্ধা আব্দুল হক কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক নুরু, মিঠামইন ইউপি চেয়ারম্যান এড. শরীফ কামাল, সাবেক ইউপি চেয়ারম্যান আছিয়া আলমসহ সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এলাকার গন্যমান্যরা উপস্থিত ছিলেন ।

এর আগে সকাল ১১টা ১০ মিনিটে হেলিকপ্টার যোগে মিঠামইনে অবতরণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে স্থানীয় ডাক বাংলোতে সংক্ষিপ্ত বিশ্রাম শেষে দুপুর ১১টা ৫০ মিনিটে ক্লাব মাঠে হাওরাঞ্চলের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম উপজেলার ২৯ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ অলওয়েদার মহাসড়ক নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন তিনি। এ প্রকল্পে ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে আগামী ২০১৮ সালের জুন মাসে।

এরপর উপজেলার ঢাকী ইউনিয়নের একটি সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন রাষ্ট্রপতি। সড়ক ও জনপদ বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন