
নিউজ ডেস্কঃ হংকংকে বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ । আজ হংকংয়ে সফররত বাণিজ্যমন্ত্রী দেশটির বাণিজ্য ও ইকোনমিক ডেভেলপমেন্ট বিষয়ক মন্ত্রী সোকাম লেং গ্রেগরি এর সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার দেশের বিভিন্ন অঞ্চলে ১০০টি ইকনমিক জোন গড়ে তোলার কাজ শুরু করেছে। হংকং চাইলে, বাংলাদেশ সরকার একটি ইকোনমিক জোন বিনিয়োগের জন্য বরাদ্দ প্রদান করবে ।
তিনি আরও বলেন, বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করছে। হংকংয়ের চাহিদা মোতাবেক সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে। হংকং বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবে বলেও মনে করেন বাণিজ্যমন্ত্রী ।
মন্ত্রী বলেন, হংকং-এর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যক সম্পর্ক দীর্ঘদিনের। বাংলাদেশ হংকং-এর সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী। এ জন্য উভয় দেশের আন্তরিক উদ্যোগ গ্রহণ প্রয়োজন।এসময় তোফায়েল আহমেদ উভয় দেশের মধ্যে চলমান অর্থনৈতিক সহযোগিতার জন্য হংকং-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকের পর উভয় দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে একটি এমওইউ স্বাক্ষর করা হয়। বাংলাদেশের পক্ষে রফতানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. এ এফ এম মনজুর কাদির এবং হংকং-এর পক্ষে হংকং ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিলের এ্যাসিসটেন্ট এক্সিকিউটিভ ডিরেকটর সপহিয়া চান স্বাক্ষর করেন ।