
নিউজ ডেস্কঃ তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে । গত রাতে নির্বাচন পরিচালনা-২ এর উপ-সচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় ।
এতে উল্লেখ করা হয়, উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের তৃতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচন আগামী ২৩ এপ্রিলের পরিবর্তে ২৮ মে পঞ্চম ধাপের নির্বাচনে অন্তর্ভুক্ত হবে। এ লক্ষ্যে গেজেট অনুযায়ী ভোটার তালিকা পুনর্বিন্যাস করে পঞ্চম পর্যায়ের তফশিলে অন্তর্ভুক্ত করার জন্য এই ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ইতোপূর্বে যেসব প্রার্থীরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের নতুন করে জামানত ও মনোনয়নপত্র দাখিল করার প্রয়োজন নেই ।
তবে নতুন কোনো প্রার্থী ইউপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, এ বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি ।
উল্লেখ্য, নির্বাচনের মাত্র তিনদিন আগে নির্বাচন পেছানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা ।