
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম মহানগরীতে ২০ জোড়া তরুণ-তরুণীর গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে।
আজ বর-কনের উপস্থিতিতে এ গণবিয়ের আয়োজন করা হয় নগরীর একটি কমিউনিটি সেন্টারে । এ গণবিয়ের আয়োজন করে বাংলাদেশ চাষী কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগরীর শাখা।
চাষী কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাস্টার হুমায়ুন কবীরের সভাপতিত্বে গণবিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী চিন্তাবিদ ডা. মুহাম্মদ ইলিয়াছ, আমীর হোসেন বদি, জাহের খান, সমাজ সেবক আনোয়ারুল হক খান, সেক্রেটারি শহীদুল ইসলাম, মাওলানা অলিউল্লাহ, মাওলানা মোজাফ্ফর আহমদ, মাওলানা আফজাল হোসেন, মাওলানা মাসুদুর রহমান, আহসান উল্লাহ, রেজাউল করীম প্রমুখ ।
বক্তারা বলেন, যৌতুক একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি দূর করতে হলে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। যৌতুকের কারণে প্রতিবছরই আমাদের অনেক বোনকে যৌতুকের বলি হতে হয় । পারিবারিক কলহের বেশির ভাগ ঘটনা যৌতুক থেকে উৎপত্তি হয়। যৌতুকের অভিশাপ মুক্ত সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে না পারলে পারিবারিক কলহ দূর হবে না ।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় নব দম্পতিদের আকদ অনুষ্ঠান। অতিথিদের আপ্যায়ন ও বর-কনের পরিচিতি পর্ব শেষে বর-কনেকে আত্মীয় স্বজনদের কাছে তুলে দেওয়া হয় ।