
নিউজ ডেস্কঃ বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাই ও মনোনয়ন বাদ দিয়ে আওয়ামিলীগের বিদ্রোহী প্রার্থীদের উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছে আওয়ামিলীগ। একই সাথে নির্বাচন কমিশনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলেও ক্ষমতাসীন দলটির পক্ষথেকে বলা হয়।
আজ বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এসময় সেখানে উপস্থিত ছিলেন দলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ড. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী সহ কেন্দ্রীয় অন্যান্য নেতাকর্মীরা।
বিএনপি নির্বাচন ও কমিশনকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার জন্য সু-পরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন হানিফ। তিনি বলেন, তারা জানে তাদের জনপ্রিয়তা শূন্যের কোটায়। তাই তারা নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। আওয়ামিলীগের প্রার্থীদের নানা ভাবে উস্কানি দিচ্ছে। সহিংসতার সৃষ্টি করছে।
নির্বাচন কমিশনে আওয়ামিলীগের হস্তক্ষেপের প্রশ্নে তিনি বলেন, নির্বাচন কমিশন স্বাধীন। এখানে আওয়ামিলীগ কোন হস্তক্ষেপ করছে না। কেন্দ্র ও কেন্দ্রের বাইরের সকল দায়িত্বই নির্বাচন কমিশনের।
প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় অপহরণ পূর্ব হত্যা পরিকল্পনায় বিএনপির শীর্ষ নেতাদের জরিত থাকার অভিযোগ এনে আওয়ামিলীগের এই নেতা বলেন, জড়িত কেউ ছাড় পাবে না। সবাইকে খুঁজে খুঁজে বের করা হবে।
একই সাথে সাংবাদিক সফিক রেহমানের গ্রেফতার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শফিক রেহমানের বাসা থেকে এফবিআই (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন) এর তথ্য পাওয়া গেছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, আজ ৩য় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬১৪ টি ইউনিয়ন পরিষদের ৫২২৬ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে তাতক্ষনিক পতিকৃয়ায় ভোট সুষ্ঠু হয়েছে বলে দাবী করে আওয়ামিলীগ।