
নিউজ ডেস্কঃ জাপান ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত বাংলাদেশে প্রথমবারের মতো জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আনন্দঘন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের শুভ উদ্বোধন আমাদের সরকারের বৈদেশিক বিনিয়োগ নীতিমালার প্রতিফলন। ইন্ডাস্ট্রিয়াল গ্যাস স্থানীয় শিল্প প্রতিষ্ঠানের মেডিকেল/সার্জিকেল ডিভাইস জীবাণুমুক্তকরণের জন্য এবং হাসপাতালে ব্যবহারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পর্যন্ত আমাদের দেশে এ ধরণের কোনো শিল্প প্রতিষ্ঠান ছিল না। আমি এই প্রতিষ্ঠানের শুভ সূচনা ও নিরাপদ যাত্রা কামনা করছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে ভিশন ২০২১ লক্ষ্য অর্জনে এই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আশা করি জেএমআই গ্রুপ মান সম্মত পণ্য উৎপাদন করে দেশের স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে।