
নিউজ ডেস্কঃ শেরপুরের শ্রীবরদীতে পূর্বশত্রুতার জের ধরে বিষ প্রয়োগ করে প্রায় ১২ লাখ টাকা মূল্যের মাছ নিধন করেছে কতিপয় দূস্কৃতিকারী। গতকাল রাতে রাণীশিমূল ইউনিয়নের রাণীশিমূল দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্র বলছে, শ্রীবরদী উপজেলার রাণীশিমূল দক্ষিণপাড়া গ্রামের সুলতান তালুকদার পৃথকভাবে দশ একর জমিতে মাছের প্রকল্প করেন। এর মধ্যে ১.২৫ শতাংশ জমির পুকুরে তেলাপিয়া, গ্লাসকার্প, ব্যাকেট ও মৃনাল কার্প মাছ চাষ করেছেন। কিন্তু গতকাল প্রকল্পের পাহাড়াদার হায়দার আলী ছুটি নিয়ে বাড়িতে গেলে রাতে শত্রুতাবশত কে বা কারা ওই পুকুরে বিষ দিয়ে সমস্ত মাছ মেরে ফেলেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন এর মালিক সুলতান তালুকদার। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে বিচার দাবী করে বলেন, এতে তার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে শ্রীবরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. আলম বলেন, এ নিয়ে এখন পর্যন্ত থানায় কোন মামলা বা অভিযোগ করা হয়নি।