
নিউজ ডেস্কঃ মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকে পুলিশ লাঞ্ছিত করার অভিযোগ এনে গতকাল থেকে রাজশাহীতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্ঘঘট প্রত্যাহার করা হয়েছে । আজ রাত পৌনে ৯টার দিকে প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহার করে নেন শ্রমিক নেতারা।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী বলেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শ্রমিকদের পক্ষ থেকে যেসব দাবি করা হয়েছিল তা পূরণের আশ্বাস দেওয়ায় এই ধর্মঘট তুলে নেওয়া হয়েছে। বৈঠকে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে শুক্রবার রাতে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরীকে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার সুশান্ত কুমার রায় লাঞ্ছিত করেন বলে অভিযোগ তুলে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা রাতে বাসস্ট্যান্ডে বিক্ষোভ করেন এবং শনিবার ভোর থেকে রাজশাহী থেকে সকল রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়।