
নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ ক্যানসারের নকল ওষুধসহ সোহেল রানা নামে এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আজ সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়। সন্ধ্যায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে চার্জার লাইটের ব্যাটারি ভেঙে ৫শ ৭৫ গ্রাম ও শ্যাম্পুর মধ্য থেকে ৪শ ৬২ গ্রাম স্বর্ণ জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
ড. মইনুল খান জানান, সোহেল রানা সকাল ১০টায় বিমানবন্দরে আসেন। তার বাড়ি চাঁদপুরের কচুয়া থানায়। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক গোয়েন্দারা তাকে ধাওয়া করে আটক করেন। পরে তার ল্যাগেজ থেকে প্রায় পাঁচ হাজার পিস নকল ক্যানসারের ওষুধ জব্দ করা হয়।
এসব ওষুধ আমদানিতে ওষুধ প্রশাসনের অনুমতিপত্র নিতে হয়। কিন্তু সোহেল রানা কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
অপরদিকে দুপুর সাড়ে ১২টায় ৫শ ৭৫ গ্রাম স্বর্ণসহ মালপাড়া ময়মনসিংহ এলাকার মো. গিয়াস উদ্দিন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।
গিয়াস উদ্দিন কুয়ালালামপুর থেকে একটি ফ্লাইটে ঢাকায় আসেন। পরে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা চার্জার লাইটের ব্যাটারি ভেঙে ১৫টি স্বর্ণ বার ও ৮০ গ্রাম অলংকার জব্দ করে, যার মূল্য ২৫ লাখ টাকা।