
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা মো.তাজউদ্দিন নূরুকে (৩৮) অস্ত্র ও এক সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার গভীর রাতে নগরীর অক্সিজেন এলাকা থেকে তাজউদ্দিন নূরুকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে সহযোগী আব্দুল কাদেরকে (৪০) গ্রেফতার করা হয়। আব্দুল কাদেরের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি এলজি উদ্ধার করেছে পুলিশ।
তাজউদ্দিন নূরু নগরীর তিন নম্বর পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন।
ওসি সাংবাদিকদের জানান, গত ২১ মার্চ বায়েজিদ বোস্তামি থানার কয়লার ঘর এলাকায় বিসমিল্লাহ ভবনে দিনেদুপুরে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতির ঘটনায় গ্রেফতার হওয়া দুজন আদালতে স্বীকারোক্তি দিয়ে এর মূল পরিকল্পনাকারী হিসেবে তাজউদ্দিন নূরুর নাম প্রকাশ করে। এরপর পুলিশ তাজউদ্দিন নূরুকে গ্রেফতারের জন্য খুঁজতে থাকে।
গ্রেফতারের পর তাজউদ্দিন নূরু ও আব্দুল কাদের উভয়ই ডাকাতির সঙ্গে জড়িত থাকার প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছেন ওসি।
তাজউদ্দিন নূরু ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার পশ্চিম ভুজপুর রওশনঘোনা গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। আব্দুল কাদের অক্সিজেন এলাকার সুলতান আহমদের ছেলে।
তাজউদ্দিন এর আগে ভুজপুর ও ফটিকছড়ি থানায় বেশ কয়েকবার গ্রেফতার হয়েছিল বলে বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন।