
নিউজ ডেস্কঃ সরকারি কাজে নিয়োজিতরা অনির্বাচিত কর্মচারি এবং মন্ত্রিরা নির্বাচিত কর্মচারি হিসেবে জনগণের সেবা দেওয়ার দায়িত্ব পালন করেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, প্রধানমন্ত্রী থেকে মন্ত্রী সবাই জনগণের নির্বাচিত কর্মচারি। আমরা যারা এখানে বসে আছি তারা প্রজাতন্ত্রের কর্মচারি। আমি নির্বাচিত কর্মচারি, আপনারা অনির্বাচিত কর্মচারি। আপনাদের কাজের পরিধি কর্তৃত্ব ক্ষমতা আইনে লেখা আছে, আপনারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মচারি। তেমনি যখন একজন নির্বাচিত ব্যক্তি রাষ্ট্রের কর্মে নিয়োজিত হন তিনিও কর্মচারি হিসেবে বিবেচিত হন। মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী সবাই ।
তথ্য মন্ত্রণালয়ের কর্মচারিদের প্রশিক্ষণের জন্য ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তথ্যমন্ত্রী। রবিবার সকালে সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংবিধানের ৭ নম্বর অনুচ্ছেদ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, জনগণ দেশের মালিক। মালিককে সেবা দেওয়ার জন্য আমরা কর্মচারি। এ বিষয়টা ভুলে গেলে হবে না । জনগণের সেবায় নিযুক্ত অনেকেই নিজেকে কর্মচারি মনে না করে দেশের মালিক মনে করেন। এ মনোভাব বদলাতে হবে ।
এ সময় তথ্য সচিব মরতুজা আহমদ বলেন, সরকার জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে নানাভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে জনগণ সেই বিষয়গুলো না জানার কারণে কাঙ্ক্ষিত সফলতা আসছে না। তথ্য মন্ত্রণালয়ের হিসাবে সরকারি বিষয়গুলো জনগণের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব। সততা ও নিষ্ঠার সঙ্গে এ দায়িত্ব পালন করাই শুদ্ধাচার কৌশল।