
নিউজ ডেস্কঃ দেশের উন্নয়ন ও অর্জনের খবর গুরুত্ব দিয়ে প্রচার করতে গণমাধ্যমের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সংবাদমাধ্যমগুলো হতাশাই বেশি প্রকাশ করে। কিন্তু যখন সরকার উন্নয়ন নিশ্চিত করে, দেশ এগিয়ে যায় তখন সে খবরের গুরুত্ব কম থাকে। আজ রাজধানীর আগারগাঁওয়ে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পাসপোর্ট সেবা সপ্তাহ ও ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসসহ দেশের ৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভবনগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে দ্রুত সময়ের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়ার কথা উল্লেখ করে বলেন, আপনাদের এই অর্জন নিয়ে সংবাদ মাধ্যমে খবর তেমন দেখছি না। তবে যখন মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বাধ্যতামূলক করা হলো তখন সংবাদমাধ্যমগুলো কেবলই হতাশার খবর দিয়েছে, বলেছে এই সময়ের মধ্যে তা সম্ভব হবে না। কিন্তু যখন করে দেখানো হলো, তখন আর সংবাদমাধ্যমগুলো তা নিয়ে কথা বলছে না।
তিনি বলেন, সামান্য খুঁত দেখলেই তা বড় করে প্রকাশ ও প্রচার করা হয়, কিন্তু ভালো কিছু হলে তা ভুলে যায় সংবাদমাধ্যমগুলো। কারও মুখাপেক্ষি হয়ে বাংলাদেশ থাকবে না। নিজেরাই নিজেদের উন্নয়ন নিশ্চিত করবে। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করা জাতি, আমরা পারবো। আর জাতির পিতা আমাদের শিখিয়ে গেছেন, আমরা কারো কাছে মাথানত করে থাকবো না।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস ছাড়াও মানিকগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, পটুয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ ও দিনাজপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ।