
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) খুলছে আগামী বুধবার। এছাড়া বিশ্ববিদ্যালয়ের দুই অনুষদের আট শিক্ষার্থীকে হলে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধের পাশাপাশি ক্যাম্পাসে সকল প্রকার মিছিল-সমাবেশ ও দলগত অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।
আজ সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে অনুষদগুলোর ডিন, বিভাগীয় প্রধান ও পরিচালকদের এক সভায় এ সব সিদ্ধান্ত নেওয়া হয় ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মির্জা ফারুকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আগামী বুধবার থেকে শুরু করার সিদ্ধান্ত হয়েছে। আর সোমবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হবে।
এতে আরও বলা হয়েছে, এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আট শিক্ষার্থী হলে প্রবেশ ও অবস্থান করতে পারবে না। তারা হলেন, ভেটেরিনারি মেডিসিন ও ফিশারিজ অনুষদের কল্যাণ আশিষ ভাদুড়ি, জগন্নাথ চন্দ্র দে, ভুবন চন্দ্র হালদার, এস এম আবদুস সালাম শিমুল, আশিক হাজরা এবং ফিশারিজ অনুষদের শফিকুল ইসলাম, সাজিদ মেহরা সৌহার্দ্য ও ফরহাদুল ইসলাম।
সভায় বিশ্ববিদ্যালয় খোলার পর ক্যাম্পাসে সকল প্রকার মিছিল-সমাবেশ ও দলগতভাবে অবস্থান নিষিদ্ধ করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, গত ১১ই এপ্রিল আন্তঃঅনুষদীয় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে উত্তেজনার পরিপ্রেক্ষিতে পরদিন ভেটেরিনারি মেডিসিন ও ফিশারিজ অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়। ওই দিনই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।