News71.com
 Bangladesh
 24 Apr 16, 08:29 AM
 722           
 0
 24 Apr 16, 08:29 AM

রমজানে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা ।। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

রমজানে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা ।। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

নিউজ ডেস্কঃ দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট নেই দাবি করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে কোনো মহল যদি অসৎ উদ্দেশ্যে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি বা মূল্য বৃদ্ধির চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলক কক্ষে অনুষ্ঠিত নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিগত দিনে ব্যবসায়ীরা আন্তরিকতার সাথে দায়িত্বশীল ভূমিকা রেখেছেন। এবারো তারা ঘোষণা দিয়েছেন আসন্ন পবিত্র রমজান মাসে কোনো পণ্যের সংকট বা অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটবে না। সব পণ্য সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। পণ্যের সরবরাহ চেইন স্বাভাবিক রাখতে সরকার চাহিদা মোতাবেক সবধরনের সহযোগিতা প্রদান করবে।

আমদানিকারক ও সরবরাহকারীদের দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, প্রয়োজনে টিসিবি বাজারে পর্যাপ্ত পণ্য সরবরাহ করবে। সে মোতাবেক প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। সরকারি বিভিন্ন সংস্থা বাজার মনিটরিং অব্যাহত রেখেছে।

তোফায়েল আহমেদ বলেন, বর্তমানে দেশে চাল, আটা, চিনি, ভোজ্যতেল, ডাল, লবণ, পেঁয়াজ, রশুন, আদা, হলুদ ও খেজুরের পর্যাপ্ত মজুত রয়েছে। আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা ঘোষণা করেছেন আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় কোনো পণ্যের সংকট বা মূল্য বৃদ্ধি হবে না। চাহিদার তুলনায় কয়েকগুণ বেশি পণ্য মজুত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন