
নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উত্তর বালাসুর গ্রামে রাব্বি নামে ছয় মাসের একটি শিশুকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শিশুটি ওমান প্রবাসী মিজানুর রহমানের ছেলে। মিজানুরের স্ত্রী রহিমা বেগম রাব্বিকে নিয়ে উত্তর বালাসুর গ্রামের এক বাড়িতে ভাড়া থাকতেন। ভোরে ঘুম থেকে উঠে সাংসারিক কাজে ঘরের বাইরে যান রহিমা। কিছুক্ষণ পর এসে শিশুপুত্রকে না দেখে চিৎকার করেন তিনি। এসময় তিনি ও আশেপাশের লোকজন শিশুটিকে খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে গ্রামের একটি পুকুরে শিশুটির মরদেহ পাওয়া যায়। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রাহমান সাংবাদিকদের জানান, শিশুটিকে হত্যা করা হয়েছে। শিশুটির মা রহিমা বেগম অভিযোগ করেছেন যে কামাল নামে স্থানীয় এক ব্যক্তি তার কাছে টাকা পান। এ টাকা দিতে না পারায় কামালই তার ছেলেকে হত্যা করেছেন। এর ভিত্তিতে তদন্ত চলছে।
ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।