
নিউজ ডেস্কঃ বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী হারুনর রশিদের কর্মী-সমর্থকদের সাথে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও দুই রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা রক্ষায় ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বিজিবি মোতায়েন করেছে প্রশাসন।আজ বিকেল ৫টার দিকে ধুনট শহরের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
জানা যায়,গত শনিবার তৃতীয় ধাপে ধুনট উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে গোসাইবাড়ি ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী হারুনর রশিদ ভোট গণনায় প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে হারুনর রশিদের নেতৃত্বে তার কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ ঘেরাও করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ ও দুই রাউন্ড সর্ট গানের ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ। প্রায় আঁধা ঘন্টা ধরে পুলিশ ও চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার প্রেক্ষিতে আজ বিকেলে বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান জানান, নিরাপত্তাজনিত কারণে উপজেলা পরিষদের প্রধান ফটকে বিজিবি মোতায়েন রয়েছে।
বগুড়ার ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান, পরাজিত চেয়ারম্যান প্রার্থী মিথ্যা অভিযোগ এনে নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। তাদের মিছিল করতে নিষেধ করায় পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।