
নিউজ ডেস্কঃ যুক্তরাজ্য থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার ।
আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১২ মিনিটে যুক্তরাজ্যের কোড সম্বলিত একটি টেলিফোন নম্বর থেকে তাকে এই হুমকি দেওয়া হয়েছে বলে এক ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন তিনি ।
ইমরান তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘বলা হয়েছে, আমাকে খুব শিগগিরই হত্যা করা হবে। আমি জানতে চাইলাম কে বলছেন, কোথা থেকে বলছেন? কোনো উত্তর দেওয়া হয়নি। বারবার শুধু বলা হলো হত্যা করা হবে। কোথায়, কীভাবে খুন করবেন জানতে চাইলে কল কেটে দিয়েছে।
হত্যার হুমকিতে মোটেই বিচলিত না হয়ে ইমরান বলছেন, এটা জানানো কিংবা না জানানোতে তেমন কিছু আসে যায় না। তারপরও মনে হলো সবাইকে জানিয়ে রাখা দরকার। আর হুমকিধমকি দিয়ে আমাকে থামানো যাবে ভাবাটাও অবান্তর ।
তিনি লিখেছেন যে দেশে খুন-ধর্ষণেরই বিচার হয় না সেদেশে হুমকি তেমন বড় কোনো ঘটনা না। তাছাড়া কয়েকদিন আগে কিছু পথভ্রষ্ট রাজনীতিক তো আমাকে প্রকাশ্যেই হত্যার হুমকি দিয়েছিল, তার কি বিচার হয়েছে ।
ইমরান আরো বলেছেন, প্রকাশ্যে হত্যার হুমকির পর আমার এক পুরনো বন্ধু জানতে চেয়েছিল-হত্যার ষড়যন্ত্রের বিচার হলে প্রকাশ্যে হুমকির বিচার হবে কি না? আমি উত্তর দিয়েছি, প্রধানমন্ত্রীর সন্তান হলে নিশ্চয়ই হতো।
হুমকির বিষয়ে জানতে চাইলে ইমরান এইচ সরকার বলেন, সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ একটি ফোন আসে। ফোনের কোড নম্বর দেখে ইউকের নম্বর মনে হয়। নম্বরটি রিসিভ করতেই অপরদিক থেকে একটি পুরুষ কণ্ঠে বলা হয়, আপনাকে খুন করা হবে। এ সময় আমি তার কাছে জানতে চাই, ‘আপনি কে বলছেন?’ প্রতি উত্তরে তিনি বলেন, ‘তা জানার প্রয়োজন নেই।’ বলেই তিনি লাইনটি কেটে দেন।
ফেসবুকের মাধ্যমে কিছু বন্ধু তাকে জানিয়েছেন-কোড নম্বরটি ইউকের হলেও এটা ভিওআইপি কলও হতে পারে।
হুমকির বিষয়ে থানায় জিডি করেছেন কি না জানতে চাইলে ইমরান বলেন, ‘এখনও কোনো জিডি করা হয়নি। এর আগে আমি হুমকি পেয়েছিলাম সেই সময় একটি জিডি করা হয়েছিল। আর আজকের ঘটনার বিষয়ে দ্রুতই থানায় জানানো হবে ।