
জাবি সংবাদদাতা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের আসন্ন ডিন নির্বাচনে আওয়ামী লীগ পন্থী শিক্ষকরা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক সমাজ এবং জাতীয়তাবাদী শিক্ষকরা জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এবং আওয়ামী পন্থী শিক্ষকদের একাংশ ও বামপন্থী শিক্ষকরা প্রগতিশীল জোট প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে পাঁচটি অনুষদের পাঁচটি ডিন পদের বিপরীতে সর্বমোট ২৬ জন শিক্ষক তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ থেকে পাঁচটি অনুষদের ডিন পদে ১২ জন শিক্ষক মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আর জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম থেকে ৪টি অনুষদের ডিন পদে ১০ জন শিক্ষক মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া আওয়ামী পন্থী শিক্ষকদের একাংশ এবং বামপন্থী শিক্ষকদের প্যানেল প্রগতিশীল জোট থেকে চারটি অনুষদের ডিন পদে চারজন শিক্ষক মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে বিজনেস স্টাডিজ অনুষদে কেবল আওয়ামী পন্থী শিক্ষকরাই প্রতিদ্বন্দ্বিতা করছেন।
একাধিক প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়ার বিষয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ এর সাধারন সম্পাদক অধ্যাপক ড.আমির হোসেন বলেন, ২৬ এপ্রিল পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ রয়েছে। কে কে চূড়ান্ত প্রার্থী হচ্ছেন ওই দিনই জানা যাবে।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারন সম্পাদক অধ্যাপক ড.শামছুল আলম বলেন, নির্বাচনের কৌশল হিসেবে আমরা একাধিক প্রার্থী দিয়েছি। সঠিক সময়ে সঠিক প্রার্থী বেছে নিব।
আওয়ামী পন্থীদের একাংশ এবং বামপন্থী শিক্ষকদের প্যানেল প্রগতিশীল জোটের সমন্বয়ক অধ্যাপক এটিএম আতিকুর রহমান বলেন, নানান অর্ন্তদ্বন্দ্বের কারণে অন্য দলগুলো একাধিক প্রার্থী দিয়েছেন। আমাদের মাঝে কোনো গ্রুপিং নেই। সে কারণে আমরা আগে থেকেই প্রার্থী চূড়ান্ত করতে পেরেছি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১০ মে বিশ্ববিদ্যালয়ের ডিন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক জানান আগামীকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওই দিন চূড়ান্ত প্রার্থীদের তালিকা পাওয়া যাবে।