
নিউজ ডেস্কঃ গাজীপুরের টঙ্গী থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও কয়েকটি দেশিয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আজ বেলা ১১টার দিকে টঙ্গীর চেরাগ আলী বাগানবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক চার জন হলেন- নরসিংদীর রায়পুরা থানার নিলোখা এলাকার মৃত সাধু মিয়ার ছেলে মো. রফিক (২৯), টঙ্গী এরশাদ নগর এলাকার খলিল মিয়ার ছেলে নান্নু মিয়া (২৮), লক্ষ্মীপুর সদর থানার সাকানিপাড়া এলাকার জাফর মিয়ার ছেলে রুবেল হোসেন (২২) ও নরসিংদীর সদর থানার বিতরামপুর এলাকার আবদুল মতিনের ছেলে মো. রবি (২৪)।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেরাগ আলী বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ রফিককে আটক করা হয়। এরপর পাশ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি দেশিয় অস্ত্রসহ নান্নু মিয়া, রুবেল হোসেন ও মো. রবিকে আটক করা হয়।
এ ঘটনায় টঙ্গী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।