News71.com
 Bangladesh
 25 Apr 16, 06:38 AM
 661           
 0
 25 Apr 16, 06:38 AM

কাশিমপুরে সাবেক কারারক্ষীকে গুলি করে হত্যা ।। তদন্তে পুলিশসহ একাধিক সংস্থা

কাশিমপুরে সাবেক কারারক্ষীকে গুলি করে হত্যা ।। তদন্তে পুলিশসহ একাধিক সংস্থা

নিউজ ডেস্ক : গাজীপুরের কাশিমপুর কারাগারের মূল ফটকের কাছে অবসরপ্রাপ্ত এক কারারক্ষীকে গুলি করে হত্যা করেছে মোটরসাইকেলে আসা অস্ত্রধারীরা। নিহত রুস্তম আলী (৬০) কাশিমপুর মহিলা কারাগারের সার্জেন্ট ইনস্ট্রাকক্টর ছিলেন। তার বাড়ি কুমিল্লায়। গতবছর নভেম্বরে তিনি অবসরোত্তর ছুটিতে যান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সুপার সুব্রত কুমার জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কারাগারের প্রধান ফটকের ২০০ গজ উত্তরে একটি ওষুধের দোকানে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকান মালিক স্বপন মিয়া জানান, রুস্তম আহমেদ মেডিকেল কর্নার থেকে ওষুধ কিনছিলেন।

“এ সময় একটি মোটরসাইকেলে করে তিনজন ওই দোকানের সামনে আসে এবং গতি কমার পর তাদের মধ্যে একজন গুলি ছোড়ে। গুলি করেই তারা দ্রুত পালিয়ে যায়।”গুলিবিদ্ধ রুস্তম আলীকে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আব্দুস সালাম সরকার বলেন, “রুস্তমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার বুকের বাঁ পাশে, গালে ও বাঁ হাতে গুলির ক্ষত রয়েছে।”ঘটনাস্থলে পুলিশ দুটি গুলির খোসা পেয়েছে বলে কোনাবাড়ি ফাঁড়ির এসআই মো. মোবারক হোসেন জানিয়েছেন।

এই হামলার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শতাধিক দোকান-পাট বন্ধ করে ব্যবসায়ীরা সরে যান।

কারা মহা পরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন ঢাকায় নিজের দপ্তরে সাংবাদিকদের বলেন, “আমার কাছে এই মাত্র খবর এসেছে, পিআরএল-এ যাওয়া কারারক্ষী সুবেদার রুস্তম আলী দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন