
নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ভুয়া দুই চক্ষু চিকিৎসককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বিকেল সাড়ে ৩টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফরিদুর রহমান এ সাজার নির্দেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে ফোরকান আলী (৩২) ও নাটোরের গুরুদাসপুর উপজেলার সাহাপুর গ্রামের লালন ফকিরের ছেলে জান মোহাম্মদ (৩০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সকালে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে ওই দুই ব্যক্তি চক্ষু বিশেষজ্ঞ পরিচয়ে এলাকার লোকজনের চক্ষু পরীক্ষা করছিলেন। এ সময় তারা রোগীপ্রতি ২০০/৩০০ টাকা করে নিয়ে চশমা দিচ্ছিলেন।
একপর্যায়ে স্থানীয়দের সন্দেহ হলে তারা দুই ব্যক্তির চিকিৎসা সনদ দেখতে চান। কিন্তু সনদ না দেখিয়ে ব্যাগপত্র গুছিয়ে পালানোর সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের জেল-জরিমানা করেন।