
নিউজ ডেস্কঃ পার্বত্য চট্টগ্রাম চুক্তি বা শান্তি চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি ধারা সম্পূর্ণ এবং আরো ১৫ ধারা আংশিক বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঊ শৈ সিং।
আজ জাতীয় সংসদের দশম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য বলেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বা শান্তি চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি ধারা ইতোমধ্যে সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে। ১৫টি ধারা আংশিক বাস্তবায়িত হয়েছে এবং ৯টি ধারা বাস্তবায়ন প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি বলেন, শান্তি চুক্তির অবাস্তবায়িত ধারাসমূহ বাস্তবায়নের জন্য সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন আইন সংশোধনের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে চলতি অর্থবছরে মোট ৫১০ কোটি ৪০ লাখ টাকায় ১৫৪৫টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে সংসদকে জানান মন্ত্রী।