
নিউজ ডেস্কঃ আসন্ন বাজেটে ইন্টারনেট ব্যবহারের ওপর ভ্যাট কমানোর প্রস্তাব করেছে মোবাইল অপারেটদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)।
আজ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় অ্যামটবের পক্ষে থেকে এ প্রস্তাব করা হয়েছে।
বর্তমানে মোবাইল ও মডেমে ইন্টারনেট ব্যবহারের ওপর ১৫ শতাংশ ভ্যাট (মূল্য সংযোজন কর বা মূসক) আরোপিত রয়েছে।
অ্যামটবের সাধারণ সম্পাদক টিআইএম নুরুল কবির বলেন, বাংলাদেশে বর্তমানে ৯০ শতাংশ মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন। এ ব্যবহারের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মোবাইল ইন্টারনেটের মাধ্যমে অনেক সেবা প্রদান করা হচ্ছে। ভ্যাট কমালে ব্যবহারকারী বাড়বে এবং এ ব্যবহারের ফলে সরকার অন্যান্য দিক থেকে বেশি রাজস্ব পাবে।
সিম ট্যাক্স কমানোর প্রস্তাব করে তিনি বলেন, বর্তমানে মোট জনসংখ্যার ৪০ শতাংশ মানুষ মোবাইল ব্যবহার করেন। সিম ট্যাক্স কমানো হলে এর আওতার বাইরে থাকা ৬০ শতাংশ চলে আসবে। এতে সরকারের রাজস্ব বাড়বে। বর্তমানে প্রতিটি সিম ও রিম বিক্রির ওপর ৩৬.৬৫ শতাংশ ভ্যাট ও ৬৩.৩৫ শতাংশ সম্পূরক শুল্ক রয়েছে।