
নিউজ ডেস্কঃ চতুর্থ দফায় ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ই মে অনুষ্ঠিতব্য কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াইয়ে নেমেছে পিতা ও পুত্র। এনিয়ে ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রমতে, মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ঘোলপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ওয়াজি উল্যাহ ভূঁইয়া খোকন (আনারস প্রতীক), তার ছেলে স্বতন্ত্র প্রার্থী নেওয়াজ শরীফ (টেবিল ফ্যান প্রতীক), আওয়মিলীগের কাজী জাফর আহম্মদ (নৌকা প্রতীক), বিএনপির আশরাফুল ইসলাম ইমরান (ধানের শীষ প্রতীক), স্বতন্ত্র প্রার্থী মীর হোসেন (মোটর সাইকেল প্রতীক) লড়ছেন।
প্রতীক পাওয়ার পর থেকেই বর্তমান চেয়ারম্যান ওয়াজি উল্যাহ ভূঁইয়া খোকন তার আনারস প্রতীকের পক্ষে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। কিন্তু পুত্র নেওয়াজ শরীফকে কোথাও গণসংযোগ করতে দেখা যায়নি। তবে নির্বাচনে পিতা-পুত্র প্রার্থী হওয়ায় নিজেরাই নিজেদের বিরোধীতা করছে বলে ধারণা ভোটারদের।
উল্লেখ্য, নির্বাচনের দিন কেন্দ্রে এজেন্ট বাড়াতেই বর্তমান চেয়ারম্যান ওয়াজি উল্যাহ ভূঁইয়া খোকন তার পুত্র নেওয়াজ শরীফকেও প্রার্থী করেন। কেন্দ্রে নিজের সমর্থক বাড়াতেই এ কৌশল নেন তিনি।