News71.com
 Bangladesh
 26 Apr 16, 07:48 AM
 661           
 0
 26 Apr 16, 07:48 AM

ছাত্র বিক্ষোভের মুখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা ।।

ছাত্র বিক্ষোভের মুখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা ।।

 

নিউজ ডেস্কঃ ছাত্র বিক্ষোভের মুখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ‘গ্রীষ্মকালীন ছুটি’ ঘোষণা করা হয়েছে। আজ  সন্ধ্যা ৬ টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল বুধবার সকাল নয়টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ বিকেলে এ নির্দেশ জারি করে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. হায়াতুজ্জামান  বলেন, বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি নির্ধারিত ছিল ২৬শে মে থেকে ১০ই জুন পর্যন্ত। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য ছুটি এগিয়ে ২৭ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত ঘোষণা করা হয়েছে। পুলিশ, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পাঁচজন ছাত্রের বহিষ্কারের সুপারিশ বাস্তবায়ন না করার দাবিতে ১৮টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে ১৬ দিন ধরে ক্যাম্পাসে আন্দোলন করে আসছেন।

আজ সকাল  থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তারকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে গিয়ে ছাত্রদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের ধাওয়ায় অন্তত ২০ জন ছাত্র আহত হন। এর মধ্যে অণুজীব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আশিকুর রহমান এবং জিন প্রকৌশল ও জৈব প্রযুক্তি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র পাভেল মাহমুদ গুরুতর আহত হন। আটকের ভয়ে তাঁরা হাসপাতালে ভর্তি না হয়ে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে শিক্ষার্থীদের দাবি।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ‘সকাল থেকে ছাত্ররা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিয়ে উপাচার্য আবদুস সাত্তারকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ দুপুরের দিকে ক্যাম্পাসে গিয়ে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ২৭ জনকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারার দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় গত বছরের ১০ই ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ নিরাপত্তাকর্মী বদিউজ্জামান বাদলকে কয়েকজন ছাত্র মারধর করেন। পরে বাদল গ্রামবাসীকে সঙ্গে নিয়ে ছাত্রদের ওপর হামলা করেন। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন। ছাত্ররা বাদলের শাস্তির দাবিতে ক্যাম্পাসে লাগাতার ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভের মুখে ১৩ই ডিসেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি গত ৯ই এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন রিজেন্ড বোর্ডের সভায় পাঁচজন ছাত্র ও একজন কর্মচারীর বহিষ্কারের সুপারিশ করে প্রতিবেদন দেয়। বোর্ড ওই সুপারিশ গ্রহণ করে ছয়জনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে নোটিশ দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন