
নিউজ ডেস্কঃ সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে এসব হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো নিয়ে বলেছেন, যারা ব্লগার বা সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তাদের ওপর আঘাত আসছে। কোনো আক্রমণকেই সরকার সহজভাবে নিচ্ছে না। আইনি প্রক্রিয়ায় আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের কেউ বাঁচতে পারবে না।
আজ ধানমন্ডির আওয়ামিলীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। আওয়ামিলীগের কেন্দ্রীয় কার্যালয়ের নতুন ভবন নির্মাণের বিষয়ে জানাতে এই যৌথসভার আয়োজন করা হয়। যৌথসভার পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সৈয়দ আশরাফ।
হত্যাকাণ্ডের দায় বিএনপি-জামায়াতের ওপর চাপানো হচ্ছে বলে বিএনপির অভিযোগ নিয়ে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি তো এখন ক্ষমতায় নাই। তারপরেও কিন্তু তারা রাজনীতির জন্য সময় দেয় না। মাঝে মাঝে আসে, একদিন-দুই দিন কথা কয় তিন-চার মাসে কোনো খবর নাই। তাদের খুঁজে পাওয়া যায় না।
ওলামা লীগ আওয়ামিলীগের কোন পর্যায়ের সংগঠন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আশরাফ বলেন, আমাদের জয়েন্ট সেক্রেটারি ক্লিয়ার করে বলে দিয়েছেন ওলামা লীগ আওয়ামিলীগের অঙ্গ কিংবা ভ্রাতৃপ্রতিম সংগঠন নয়। তিনি বলেন, ওলামা লীগ যদি ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে থাকে এটা তাদের বিষয়। এখন অনেকে তো আওয়ামিলীগের নাম ব্যবহার করে। তাঁর সঙ্গে সুর মিলিয়ে এ সময় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, আমরা ক্লিয়ার করে দিয়েছি। এটা নিয়ে যদি অন্যরা মাথা না ঘামায় তাহলে এমনি থেমে যাবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে বাণিজ্য হচ্ছে কি না সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবে আওয়ামিলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যসচিব সৈয়দ আশরাফ বলেন, আমাদের দেশের সর্ববৃহৎ নির্বাচন হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সেখানে কিছু কিছু ঘটনা আগে ঘটেছে, ভবিষ্যতেও ঘটবে। এমন কোনো ঘটনা ঘটেনি যে, সেটা জাতির জন্য চ্যালেঞ্জের। নির্বাচন শেষ হলে এটা মানুষ ভুলে যাবে।
দলীয়ভাবে ইউপি নির্বাচন হওয়ায় দল, রাজনীতি ও সংবিধান লাভবান হয়েছে উল্লেখ করে আশরাফ বলেন, পৃথিবীর যেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আছে, সেখানেই দলীয়ভাবে নির্বাচন হয়। আমাদের এখানেই ছিল ব্যতিক্রম। শুধুমাত্র জাতীয় নির্বাচন রাজনৈতিক দলভিত্তিক হবে আর সমস্ত নির্বাচন হবে অন্যভাবে। এটা সামরিক সরকারের মাথা থেকে এসেছে। আশরাফ বলেন, আপনাদের আগের ইউনিয়ন পরিষদ নির্বাচন যদি স্মরণ থাকে, দেখবেন এবারই সব চেয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। এর আগে এর থেকে মারামারি-কাটাকাটি সারা দেশে ছিল। রাজনৈতিক শৃঙ্খলায় থাকায় সংঘাত কমে গেছে। আমরা এটা শুরু করেছি, অন্য দলগুলো এভাবেই করবে। আরেকটা ইলেকশনের পরেই দেখবেন এটা স্বাভাবিক হয়ে গেছে।