News71.com
 Bangladesh
 26 Apr 16, 08:17 AM
 656           
 0
 26 Apr 16, 08:17 AM

চিন্তাভাবনা ও কার্যক্রমে পরিবর্তন এনেছে এফবিসিসিআই ।।

চিন্তাভাবনা ও কার্যক্রমে পরিবর্তন এনেছে এফবিসিসিআই ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ খুব দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এ অগ্রগতিতে দেশের সঙ্গে সঙ্গে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) তার চিন্তাভাবনা ও কার্যক্রমেও পরিবর্তন এনেছে। তাই এখন বিশ্বের বিভিন্ন দেশে ‘বায়িং মিশন’ পাঠাচ্ছে এবং বিনিয়োগ করছে এফবিসিসিআই। 

আজ রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার বাসোজা গুনাসেকারা সঙ্গে সাক্ষাতে তাকে এসব কথা বলেন এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ।

বাসোজা গুনাসেকারাকে আব্দুল মাতলুব বলেন, এ বছর বাংলাদেশের জাতীয় প্রবৃদ্ধি অর্জন ৭ দশমিক শূন্য ৫ শতাংশ এবং মাথাপিছু আয় ১ হাজার ৪১০ মার্কিন ডলারে উন্নীত হতে যাচ্ছে। একই সঙ্গে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ২৯ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে।

তিনি বলেন, প্রতিবেশি দেশ শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশ যেহেতু অন্যান্য দেশ থেকে টেক্সটাইল পণ্য আমদানি করছে, তাই শ্রীলঙ্কা থেকেও এ পণ্য আমদানি করতে পারে।

শ্রীলঙ্কার হাইকমিশনার বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক যোগাযোগ এবং বাণিজ্য আরো বৃদ্ধির উপর জোর দেন। বাংলাদেশে শ্রীলঙ্কার কোন কোন পণ্যের চাহিদা রয়েছে তার একটি তালিকা তিনি এফবিসিসিআইকে দিতে অনুরোধ জানান। এছাড়াও বাংলাদেশি ব্যবসায়ীদের শ্রীলঙ্কায় বিনিয়োগে আহ্বান জানান তিনি। বাংলাদেশে শ্রীলঙ্কার নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে ভিসা প্রক্রিয়া আরো সহজ করারও আহ্বান জানান হাইকমিশনার।

উল্লেখ্য, ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ শ্রীলঙ্কায় ২৩ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করে এবং ৪৪ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করে। বাংলাদেশ থেকে শ্রীলংকা মূলত কৃষিজাত পণ্য, প্রকৌশল পণ্য এবং নিট ওয়্যার ও ওভেন পণ্য আমদানি করে থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন