
নিউজ ডেস্ক : প্রতিবেশী দেশসমূহের সাথে আঞ্চলিক যোগাযোগ সহজ করতে সীমান্ত অঞ্চলে আন্তর্জাতিক মানের সেতু-কালভার্ট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ২ হাজার ৪৭৩ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট পাস করা হয়েছে। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
এ প্রকল্পের আওতায় যশোর, নড়াইল, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১৭টি সেতু ও ৭টি কালভার্ট নির্মাণ করা হবে। এসব সেতু ও কালভার্ট আন্তর্জাতিক মানদণ্ডে নির্মাণ করা হবে, যাতে এশিয়ান হাইওয়েসহ অন্য আঞ্চলিক যোগাযোগব্যবস্থা সহজ করে।
প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশের মধ্য দিয়ে এশিয়ান হাইওয়ে অতিক্রম করেছে। শুল্ক ও সীমান্ত ব্যবস্থাপনার অপর্যাপ্ত সুবিধার কারণে সীমান্ত এলাকায় জরাজীর্ণ রাস্তা ও সেতুর দুরবস্থার জন্য আন্তর্জাতিক পথে সঠিকভাবে যান চলাচল সম্ভব হয় না।
এ প্রকল্পটিসহ গতকালের একনেক সভায় মোট ৬ হাজার ১০০ কোটি টাকার ৯টি প্রকল্প অনুমোদন হয়েছে। অন্য প্রকল্পগুলো হলো ৯০৫ কোটি টাকার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত); ৩৪ কোটি টাকার ঢাকাস্থ শেরেবাংলা নগরে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয় ভবন নির্মাণ; ৪৫ কোটি টাকার দিনাজপুর-চিরিরবন্দর-পার্বতীপুর সড়ক প্রশস্তকরণ; ১ হাজার ৩৫৬ কোটি টাকার আমিনবাজার-মাওয়া-মংলা ৪০০ কেভি সঞ্চালন লাইন প্রকল্প; ২৭৭ কোটি টাকার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন; ৪৫০ কোটি টাকার নদী তীর সংরক্ষণের মাধ্যমে মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলা সদর সংরক্ষণ প্রকল্প; ২১১ কোটি টাকার পানি ভবন নির্মাণ (১ম সংশোধিত); ৩৪৭ কোটি টাকার কিশোরগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প।