
নিউজ ডেস্কঃ সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী ও আন্ধারমানিক টহল ফাঁড়ির মধ্যবর্তী তুলাতলা বিলে ফের আগুন লেগেছে। আজ বিকেলে আগুনের এ ঘটনা ঘটে। এনিয়ে গত ১ মাসে ধানসাগর স্টেশনের বনে ৪ দফা আগুন লাগার ঘটনা ঘটল।
বনসংলগ্ন উত্তর রাজাপুর এলাকাবাসী বলেন বিকেল ৩টার দিকে তুলাতলা বিলের বন এলাকায় আগুন দেখতে পেয়ে তারা ধানসাগর স্টেশনকে জানায়। তবে কি পরিমাণ জায়গা জুড়ে আগুন লেগেছে তা জানাতে পারেনি এলাকাবাসী । খবর পেয়ে ধানসাগর স্টেশন কর্মকর্তার নেতৃত্বে ২৫-৩০ জন বনরক্ষী ও ১ থেকে ১৫০শ’ লোক কলস,বালতি নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। এছাড়া শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের ২টি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) মো. সুলতান মাহমুদ ঘটনাস্থল থেকে সন্ধ্যা ৬টায় বলেন লোকালয় থেকে আগুন লাগার স্থান ৪-৫ কিলোমিটার ভিতরে। অন্যবারের তুলনায় এবার আগুনের ভয়াবহতা বেশি বলে মনে হচ্ছে। তিনি আরোও বলেন বনসংলগ্ন এলাকাবাসীর সহায়তায় ফায়ার লেন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে । আগুন লাগার ঘটনা নাশকতা বলে তিনি মনে করেন।
চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. বেলায়েত হোসেন বলেন ফায়ার সার্ভিসের ২টি টিম সন্ধ্যা সাড়ে ৬টা ঘটনাস্থলে পৌঁছেছে। এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে । উল্লেখ্য গত ২৭শে মার্চ ধানসাগর স্টেশনের নাপিতখালী বিলের সিকদারের ছিলা ১৩ই এপ্রিল পচাকোরালিয়া বিল এবং ১৮ই এপ্রিল আবদুল্লাহর ছিলা এলাকার আগুন লাগে।