
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে জনসাধারণের মধ্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের কল্যাণের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী আজ সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাসদের নাজমুল হক প্রধানের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। প্রধানের প্রশ্নোত্তরে তিনি আরও বলেন, মুসলিম ধর্মাবলম্বীদের জন্য 'মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম' এবং 'মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ' প্রকল্প ২টি বাস্তবায়ন করা হচ্ছে। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য 'মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম' এবং 'ধর্মীয় এবং আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ' প্রকল্প ২টি বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য 'প্যাগোডা ভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা' প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমের জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে সেমিনার, সভা, পুস্তক-পুস্তিকা প্রকাশ, প্রাক খুতবা প্রদান, ধর্মীয় নেতৃবৃন্দ ও ইমামগণকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জনগণের মাঝে সাম্প্রদায়িক সম্প্রতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে বলে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন।
এছাড়া, মুসলমানদের জন্য মসজিদ, ঈদগা, কবরস্থান, হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য শ্মশান, খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য সেমিট্রি এবং দুস্থ মুসলিম ও দুস্থ হিন্দু জনগণের উন্নয়ন খাতে সরকার বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। বর্তমান অর্থবছরে এ সব খাতে ১৬ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে সংসদে জানান মাননীয় প্রধানমন্ত্রী।