
নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে । আজ বুধবার ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের ১ জরুরি সভা থেকে ওই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে-আগামী ২ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফেডারেশনভুক্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ এবং দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি, ৩ মে বেলা ১১টায় রাবি ক্যাম্পাসে ফেডারেশনের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে প্রতিবাদ কর্মসূচি এবং ৪ মে বেলা ১১টায় ফেডারেশনের নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান । এক বিজ্ঞপ্তিতে ফেডারেশন এ কর্মসূচির কথা জানিয়েছে।
কার্যনির্বাহী পরিষদের সভাটি সঞ্চালনা করেন বিশ্ব বিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। সভার শুরুতে সদ্য প্রয়াত শিক্ষক ড: রেজাউল করিমের বিদেহি আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। সভায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে অধ্যাপক রেজাউল করিমের হত্যাকারীদের খুঁজে বের করে অনতিবিলম্বে গ্রেফতার, দ্রুত বিচারসহ দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, জঙ্গিবাদী গোষ্ঠীগুলোর অনৈসলামিক এবং নিষ্ঠুর ও পাশবিক কর্মকাণ্ড বন্ধেদ কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ জননিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়।