News71.com
 Bangladesh
 28 Apr 16, 11:27 AM
 740           
 0
 28 Apr 16, 11:27 AM

প্রিজন ভ্যানে যোগ হচ্ছে ওয়েব বেইজড ক্যামেরা ।।

প্রিজন ভ্যানে যোগ হচ্ছে ওয়েব বেইজড ক্যামেরা ।।

নিউজ ডেস্কঃ প্রিজন ভ্যানে ওয়েব বেইজড ক্যামেরা যুক্ত করতে যাচ্ছে সরকার। শীর্ষ সন্ত্রাসী ও গুরুত্বপূর্ণ মামলার বন্দিদের আদালত বা অন্য কোনো কারাগারে আনা-নেওয়ার সচিত্র দৃশ্য দেখতেই এমনটা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার ভিত্তিতে এটি বাস্তবায়ন করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রমতে,  সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত উচ্চ পর্যায়ের কমিটি ওয়েব বেইজড ক্যামেরা লাগানোর সুপারিশ করে। এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী আদালত এবং কারা ফটকের সামনে  স্থাপিত সিসিটিভি ক্যামেরা সচল করা, পুনঃস্থাপন ও নতুনভাবে স্থাপনের বিষয়ে আট সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। এ কমিটি অভিজ্ঞ ও কারিগরি জ্ঞানসম্পন্ন পাঁচ জন কর্মকর্তা সমন্বয়ে গঠিত উপ- কমিটিকে নিয়ে সিসিটিভিগুলো পর্যবেক্ষণ করে। তারা পর্যবেক্ষণে বিজিবি কর্তৃক ইতিপূর্বে স্থাপিত ৩২টি সিসি ক্যামেরার মধ্যে নয়টি ক্যামেরা সচল পায়। বাকি চারটি ক্যামেরা অচল ও ১৯টি ক্যামেরা চুরি/খোয়া যাওয়ার বিষয়টি জানতে পারে। এরপর কমিটি বিজিবি কর্তৃক নতুন আরও ১১টি পয়েন্টে ১১টি নতুন সিসি ক্যামেরা স্থাপনপূর্বক মোট ৪৩টি সিসি ক্যামেরা সম্পূর্ণ কার্যকর ও সচল অবস্থায় জেল কর্তৃপক্ষকে হস্তান্তর করে।

এরপর জেল কর্তৃপক্ষ উচ্চ পর্যায়ের কমিটির আলোচনা ও সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ঢাকা কেন্দ্রীয় কারাগার গেটের সামনে পিডব্লিউডি ভবনে স্থাপিত অস্থায়ী আদালতের গেটে দুইটি, সিঁড়ির গোড়ায় একটি, আদালত কক্ষ থেকে বের হওয়ার পথে একটি এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারের গেট ও কারা অভ্যন্তরে ঢোকার মধ্যবর্তী স্থানে দুইটিসহ মোট ছয়টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। কমিটি দেখতে পায় ৪৯টি সিসি টিভি ক্যামেরা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ডিসপ্লে বোর্ড দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে।

উচ্চ পর্যায়ের কমিটি তাদের সুপারিশে বলেন, বিজিবির স্থাপিত ক্যামেরাগুলোসহ সব সিসি ক্যামেরা পরিচালনা ও সচল রাখার দায়িত্ব পালন করতে কারা অধিদপ্তরকে দায়িত্ব দেওয়ার কথা বলেন । এছাড়া, সিসি ক্যামেরা মেইনটেন্যান্স খাতে প্রতি অর্থ বছরে কারা অধিদপ্তরের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখার ব্যবস্থা করার কথা বলা হয়।

সুপারিশে বলা হয়, প্রিজন ভ্যানে ওয়েব বেইজড ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত সরকার নিলে পরীক্ষামূলকভাবে অন্তত দুইটি প্রিজন ভ্যানে কারিগরি সুবিধা স্থাপনের লক্ষ্যে মহাপুলিশ পরিদর্শকের দপ্তর থেকে ভালো মানের দুইটি প্রিজন ভ্যান নির্বাচন করতে হবে। একই সঙ্গে ওয়েব বেইজড ক্যামেরা স্থাপন সংক্রান্ত বিভিন্ন কোম্পানির কাছ থেকে পাওয়া অফার লেটার ও কারিগরি জ্ঞানসম্পন্ন এক্সপার্টদের প্রস্তুতকৃত প্রতিটি প্রিজন ভ্যান সিস্টেম চালু করার জন্য যেসব প্রডাক্ট কেনা প্রয়োজন এরূপ মতামত নিয়ে প্রয়োজনীয় বরাদ্দ থাকলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরিভাবে এলটিএম পদ্ধতিতে আলোচ্য কারিগরি সুবিধা কেনার সিদ্ধান্ত নিতে পারে। প্রিজন ভ্যানে ওয়েব বেইজড ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হলে তা পরিচালনার ডিসপ্লে বোর্ডটি বাংলাদেশ পুলিশের নিয়ন্ত্রণাধীন নবাব আব্দুল গনি রোডে অবস্থিত সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ডিএমডি, ঢাকা কার্যালয়ে স্থাপন করা যেতে পারে। ওয়েব বেইজড ক্যামেরা স্থাপিত প্রিজন ভ্যান পরিচালনার জন্য পুলিশের সংশ্লিষ্ট খাতে প্রতি অর্থবছরে অর্থ বরাদ্দ রাখতে হবে।

উল্লেখ্য, এসব ক্যামেরা স্থাপিত প্রিজন ভ্যানের গতিবিধি নজরদারিতে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহাপুলিশ পরিদর্শক, কারা মহাপরিদর্শকের অফিসিয়াল মোবাইল ফোনে কানেক্টিভিটি রাখা যেতে পারে। সংশ্লিষ্ট সূত্রমতে, উচ্চ পর্যায়ের কমিটির এ সুপারিশের ভিত্তিতে কাজ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সহসাই এটি বাস্তবায়ন করা হবে। এ জন্য নিরাপত্তাহীন নানা ইস্যুর বিষয়গুলো মাথায় রাখা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন