News71.com
 Bangladesh
 28 Apr 16, 10:16 AM
 637           
 0
 28 Apr 16, 10:16 AM

আজ সন্ধ্যার পর থেকে নার্সদের আমরণ অনশন শুরু হয়েছে

আজ সন্ধ্যার পর থেকে নার্সদের আমরণ অনশন শুরু হয়েছে

নিউজ ডেস্কঃ কাফনের কাপড় পরে মিছিল করেছে আন্দোলনরত বেকার নার্সরা। আজ সন্ধ্যা থেকে আমরণ অনশনে গেছে আন্দোলনরত নার্সদের দু’টি সংগঠন । আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে কাফনের কাপড় পরে মিছিল বের করেন নার্সরা।

মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর, টিএসসি ও শাহবাগে হয়ে ফের প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় । কাফন মিছিল শেষে অবস্থান কর্মসূচিতে বেকার নার্স নেতারা বক্তব্য রাখেন।

বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজীব কুমার বিশ্বাস বলেন, ৫শ‘ বেকার নার্স কাফনের কাপড় পরে মিছিল করেছেন। তবে মিছিলে আরও অনেক নার্স ছিলেন। ৫শ’ বেশি কাফনের কাপড় না থাকায় সবাই কাফন পরতে পারেননি।

তিনি আরও বলেন, সন্ধ্যা থেকে আমরণ অনশনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে আমরণ অনশন শুরু হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে।

বাংলাদেশ বেকার ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি রিনা আক্তার বলেন, ২৫ দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করছি। এখনও পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে কোনো সাড়া দেয়নি।

এদিকে কাফনের কাপড় পরে মিছিল করার আগে বেকার নার্সদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক সাংসদ শিরিন আখতার।

তিনি বলেন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত, রাষ্ট্রীয় মারপ্যাচে পড়ে অধিকার আদায়ে দীর্ঘ আন্দোলন করতে হয়। আপনাদের যৌক্তিক এবং ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে আমি একাত্মতা প্রকাশ করছি।

শিরিন আক্তার আরও বলেন, আপনাদের আন্দোলন বৃথা যাবে না। ২৫ দিন যাবৎ আপনারা প্রেসক্লাবের মতো জায়গায় আন্দোলন করে যাচ্ছেন, শেখ হাসিনার সরকার চুপ করে থাকতে পারে না। আমি আপনাদের বিষয়টি সংসদে উপস্থাপন করবো। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো।

উল্লেখ্য, পরীক্ষার মাধ্যমে নার্স নিয়োগের জন্য ২৮শে মার্চ বিজ্ঞপ্তি দেয় সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর প্রতিবাদে ও বিজ্ঞপ্তি বাতিল করে আগের মতো ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে গত ৪ঠা এপ্রিল থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন বেকার নার্সরা। সেই থেকে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করলেও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন