
নিউজ ডেস্কঃ আগামী ৪ঠা জুন ভোটগ্রহণের দিন ধার্য রেখে ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ ধাপে ভোট হবে ৭২৪টি ইউনিয়নের। চলমান ইউপি নির্বাচনের এটাই শেষ ধাপ।
গতকাল নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান ৬ষ্ঠ ধাপের তফসিল ঘোষণার কথা গণ্মাধ্যমে জানান। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ই মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র যাচাই বাছাই আগামী ১১ ও ১২ই মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ১৯শে মে। ২০শে মে প্রতীক বরাদ্দ।
ইসি কর্মকর্তারা বলেন, তফসিলের এই নির্দেশনা সংশ্লিষ্ট জেলাগুলোতে নির্দেশনা আকারে পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তারা স্ব স্ব জেলায় এটা ঘোষণা করবেন। এদিকে ৫ম ধাপের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা একদিন বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন। এ ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আগামী ২রা মে। সরকারি ছুটি থাকার কারণে ৫ম ধাপে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ৩রা মে পর্যন্ত। ৫ম ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮শে মে। স্থানীয় সরকার নির্বাচনের সংশোধিত আইন অনুযায়ী দলীয়ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। চেয়ারম্যান পদে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নির্বাচন করছে স্বতন্ত্র প্রার্থীরাও। তবে মেম্বার পদ নির্দলীয় হচ্ছে। এ পর্যন্ত তিন ধাপের ভোট শেষ হয়েছে। চতুর্থ ধাপে ভোট অনুষ্ঠিত হবে আগামী ৭ই মে ।