
নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্ত্রী, শ্যালিকা ও শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে জখম করেছেন নাজমুল হক (৩৫) নামে এক ব্যক্তি। পরে স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে ।
গত রাত ২টার দিকে রায়পুর পৌর শহরের আব্বাস আলী সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে ।
আহতরা হলেন, নাজমুল হকের স্ত্রী মহিমা আক্তার স্বপ্না (২৫), শ্যালিকা সুফতা জান্নাত পলি (২৩), শাশুড়ি আকফুতের নেছা (৪৫) ও শ্বশুর মহি উদ্দিন (৫৫) ।
আহতদের প্রথমে রায়পুরের একটি প্রাইভেট হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে লক্ষ্মীপুর সদর ও নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয় ।
স্থানীয়রা বলেন, ৭ বছর আগে বরিশালের বাসিন্দা আবদুস সাত্তার হাওলাদারের ছেলে নাজমুলের সঙ্গে মহিমা আক্তার স্বপ্নার বিয়ে হয়। বিয়ের পরে নাজমুলের আর্থিক সহযোগিতায় স্ত্রী ও শ্যালিকা পলি ‘স্বপ্ন বিউটি পার্লার’ নামে একটি পার্লার পরিচালনা করছিলেন। একপর্যায়ে স্বামীর সঙ্গে বিরোধ দেখা দিলে স্বামীকে তালাক দেন স্বপ্না ।
বৃহস্পতিবার রাতে নাজমুল তার ছেলেকে নিয়ে যেতে ও তার বিউটি পার্লার খোলার টাকা ফেরত চান। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে নাজমুল দা দিয়ে কুপিয়ে পরিবারের সবাইকে জখম করেন। এ সময় চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এসে নাজমুলকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে দেয় ।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।