
নিউজ ডেস্কঃ মেহেরপুর সরকারি কলেজে মোট শিক্ষার্থী পাঁচ হাজার ৭৩ জন। অথচ কলেজে ৫০টি শিক্ষকের অনুমোদিত পদের মধ্যে কর্মরত ৩৯ জন। অন্য ১১টি পদ শূন্য। এই কলেজে আটটি বিষয়ে স্নাতক (সম্মান) ও চারটি বিষয়ে স্নাতকোত্তরও পড়ানো হয়। কিন্তু শিক্ষকের অভাবে পাঠদান ব্যাহত হচ্ছে ।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) এ তথ্য জানিয়েছেন কলেজটির অধ্যক্ষ। তিনি জরুরি ভিত্তিতে শিক্ষকের পদ সৃষ্টির অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে ছাত্রদের আবাসনসংকট নিরসনে ছাত্রাবাস তৈরির সুপারিশ করেছেন ।
এই কলেজের মতো সারা দেশের ২১২টি কলেজে শিক্ষকসংকট রয়েছে বলে গত কয়েক দিনে লিখিতভাবে জানিয়েছেন ওই সব কলেজের অধ্যক্ষরা। সারা দেশে বর্তমানে কমার্শিয়াল ইনস্টিটিউট, শিক্ষক প্রশিক্ষণ কলেজ, আলিয়া মাদ্রাসাসহ সরকারি কলেজ পর্যায়ের ৩২৯টি প্রতিষ্ঠান আছে। এর মধ্যে তিন শতাধিক কলেজ। আগামীকাল শনিবার অনুষ্ঠেয় সরকারি কলেজের অধ্যক্ষ সম্মেলন সামনে রেখে কলেজগুলোর অধ্যক্ষরা মাউশির তৈরি নির্ধারিত ছকে শিক্ষক-সংকটসহ বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে দিনব্যাপী এই সম্মেলন। অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ।
মাউশির দায়িত্বশীল একাধিক কর্মকর্তা বলেন, এই সম্মেলনের আগে অধ্যক্ষদের কাছে নির্ধারিত একটি ছকে কলেজ-সংক্রান্ত কয়েকটি তথ্য চাওয়া হয়। এতে মোট ৩০৯টি কলেজের অধ্যক্ষরা তথ্য দিয়েছেন। যার মধ্যে ২১২ জন অধ্যক্ষই তাঁদের কলেজে শিক্ষক সংকট থাকার কথা জানিয়েছেন। শিক্ষক সংকটের পরেই শ্রেণিকক্ষ, অবকাঠামোসহ সমস্যার কথা জানিয়েছেন তাঁরা।
মাউশির সর্বশেষ হিসাব অনুযায়ী, সরকারি কলেজে মোট ১৫ হাজার ২৮৯টি অনুমোদিত পদের মধ্যে তিন হাজার ৭৫৪টি পদই শূন্য। অর্থাৎ, প্রায় ২৫ শতাংশ পদই শূন্য। সম্প্রতি এই প্রতিবেদক বগুড়া, রংপুর ও দিনাজপুরে গিয়ে সেখানকার সরকারি কলেজগুলোতে শিক্ষকসংকটের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার চিত্র দেখতে পান ।
মাউশির সূত্রমতে, অধ্যক্ষদের দেওয়া প্রাপ্ত তথ্যে দেখা গেছে, মফস্বল এলাকায় অবস্থিত কলেজগুলোতেই শিক্ষকসংকট বেশি। লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বলেছেন, তাঁর কলেজে মোট ছাত্রী এক হাজার ৮০০ জন। অথচ কলেজে মোট ৩১টি সৃষ্ট পদের মধ্যে কর্মরত আছেন মাত্র ১২ জন।
শিক্ষামন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে মোট শিক্ষার্থী ৮ হাজার ৩২০ জন। কলেজটিতে উচ্চমাধ্যমিক ও স্নাতক পড়ানো হয়। অথচ এই কলেজে ৪৭টি সৃষ্ট পদের মধ্যে কর্মরত আছেন ৩২ জন। কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ বলেছেন, পাঠদানের জন্য পর্যাপ্ত শিক্ষক নেই। এ জন্য পদ সৃষ্টি ও শূন্য পদে নিয়োগ দিতে হবে।
রাঙামাটি সরকারি মহিলা কলেজে ১৫টি পদের মধ্যে নয়জন কর্মরত আছেন। বাগেরহাট সরকারি মহিলা কলেজে ৩৪টি পদের মধ্যে কর্মরত আছেন ২২ জন। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে শিক্ষার্থী ৫ হাজার ৫০০। এই কলেজে ৬০টি পদের মধ্যে ১৪টিই খালি । বরিশালের বানারীপাড়া সরকারি ফজলুল হক কলেজে ৬১টি সৃষ্ট পদের মধ্যে ২৩টিই খালি । গাইবান্ধা সরকারি মহিলা কলেজে ৩৫টি পদের মধ্যে কর্মরত আছেন ২০ জন। যশোর সরকারি মহিলা কলেজে ছাত্রীসংখ্যা ৭ হাজার ২০৪ জন। অথচ এই কলেজে সৃষ্ট ১০২টি শিক্ষকের পদের মধ্যে কর্মরত আছেন ৬১ জন। একই রকমভাবে ২১২টি কলেজের অধ্যক্ষরা আলাদাভাবে তথ্য দিয়েছেন।
মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) এস এম ওয়াহিদুজ্জামান বলেন, শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই এসব সমস্যা নিয়ে আলোচনা হবে। সেখান থেকেই দিকনির্দেশনা আসতে পারে ।