
নিউজ ডেস্কঃ রাজধানীর খিলক্ষেত এলাকায় হোটেল ঢাকা রিজেন্সিতে বিলাসবহুল একটি রেঞ্জ রোভার গাড়ি খুঁজতে গিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদের সন্ধান পেয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। গতরাতে সাংসদের স্টিকার লাগানো প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের এই গাড়িটি জব্দ করতে গেলে তা আগেই সরিয়ে নেওয়া হয়। তবে হোটেলের ভেতর থেকে পাওয়া যায় বিপুল পরিমাণ অবৈধ মদ ও বিয়ার ।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের ড. মইনুল খান বলেন, সাংসদদের শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার করে আমদানি করা একটি রেঞ্জ রোভার (ঢাকা মেট্টো শ ০০-০১৫১) খুঁজতে গতকাল গভীর রাতে হোটেল রিজেন্সিতে যায় শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। গোপন খবর ছিল, ফোর স্টার হোটেল ঢাকা রিজেন্সি’র পার্কিং এরিয়ায় গাড়িটি লুকানো রয়েছে। হোটেলের পরিচালক আরিফ মোতাহার দীর্ঘদিন যাবত সাড়ে তিন কোটি টাকা মূল্যের গাড়িটি ব্যবহার করছেন। কিন্তু গোয়েন্দা টিমের উপস্থিতি টের পেয়ে গাড়িটি সরিয়ে ফেলা হয় ।
গাড়িটিতে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করা হচ্ছিল বলে জানা গেছে । পরে হোটেলের বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়। এর মধ্যে কেবল দু শ বোতল মদ রয়েছে, বিয়ারের সংখ্যা এর চাইতেও বেশি। এর আগে গত ২৩শে এপ্রিল রাতেও গাড়িটি আটক করতে অভিযান চালানো হয়। সেদিনও গাড়ি কৌশলে হোটেল থেকে সরিয়ে ফেলা হয়। তবে গাড়িটি আটকের চেষ্টা চলছে ।
প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে এসব মদ ও বিয়ার জব্দ করা হয়। হোটেল কর্তৃপক্ষ এসব মদ ও বিয়ারের চালানের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে রিজেন্সি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি ।